দক্ষিণ কোলকাতার একেবারে মূল কেন্দ্র টালিগঞ্জ মোড়ে বহু বছরের প্রসিদ্ধ একটি রেষ্টুরেন্ট “মান্টি রেষ্টুরেন্ট”। গত প্রায় ১৫ বছর ধরে এই অঞ্চলে আমার যাতায়াত। শুরুর দিন থেকে আজ অবধি তাদের খাবারের মান একরকম সেটাই মূলত এই ব্লগ লেখার মূল কারণ।
টালিগঞ্জ মেট্রো থেকে বেরিয়ে উত্তম কুমারের ষ্ট্যাচুর ঠিক ডান দিকে যে রাস্তাটি রাণিকুঠির দিকে গেছে সেইদিকে বাঁক নিলেই হাতের বামের প্রথম দোকানটিই হচ্ছে “মান্টি রেষ্টুরেন্ট”। আগের তুলনায় খাবারের দাম এখন অনেকটাই বেশি কিন্তু খাবারের স্বাদ একদম আগের মতই আছে।

এই রেষ্টুরেন্টের সব ধরণের খাবারই যে আমি খেয়েছি তা নয়। তবে বিশেষ করে মাটনের রেসিপি বিশেষ রকম ভাবে ভাল। তারা তাদের ক্যাটালগে লেখেন “Specialist in:- Biriyani”। সত্যি তারা স্পেশালিষ্ট বিরিয়ানির; বিশেষ করে ‘মাটন বিরিয়ানি’। এছাড়া যেকোনো মাটন ডিশ আপনি নিশ্চিন্তে নিতে পারেন।
এছাড়া এদের রোলের আইটেম গুলো বেশ ভালো। মাটন, চিকেন, এগ-চিকেন রোল – যেগুলো আমি খেয়েছি ১৫ বছর আগে এবং আজ পর্যন্ত একই রকম স্বাদ মুখে লেগে আছে। এখন পর্যন্ত পুরো কোলকাতায় আমি যত জায়গায় রোল খেয়েছি তার মধ্যে এদের রোল এখন পর্যন্ত ‘A’ class।

যেকোনো খাবার আপনি প্যাকেট করেও নিতে পারেন। খুব ভালো মানের প্লাষ্টিক বাটিতে তারা প্যাকেট করে দেয় খাবার। এছাড়া রোল জাতীয় কিছু প্যাকেট করতে চাইলে সেটাও ফয়েলে করে তারা প্যাক করে দেয়। আর চাইলে আপনি রেষ্টুরেন্টে বসেও খেতে পারেন। মোটামুটি ভাবে ২৫ থেকে ৩০ জন একসাথে বসা যাবে।
কিছুদিন আগে পর্যন্ত তাদের পেমেন্ট সিস্টেম পুরোপুরি ম্যানুয়াল ছিল; এমনকি কার্ড-এও পে করা যেত না। ২০২১-এর নভেম্বর মাসের শুরু থেকে তাদের অনলাইন সেবা শুরু হয়েছে। ভারতে ব্যবহৃত সকল ধরণের মোবাইল ওয়ালেট থেকে আপনি পেমেন্ট করতে পারেন। এছাড়া কার্ডের মাধ্যমে পেমেন্ট করার অপশন তো থাকছেই।
নিশ্চয়ই আপনারা কোলকাতার এই অঞ্চলে এলে এখানে মাটন বিরিয়ানি খেতে আসবেন সাথে মাটন টিক্কা। ভালো লাগলে নীচে কমেন্টে আপনার মতামত দেবেন।